নেতানিয়াহুর ফোন ক্যামেরায় লাল টেপ, কিন্তু কেন?
অনলাইন ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরায় লাল রঙের টেপ লাগানো কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ফোনে কথা বলার সময় তার ডিভাইসে এই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থাটি লক্ষ্য করা যায়। এটি মূলত কোনো সাধারণ স্টিকার নয় বরং উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর মতো হাই-প্রোফাইল ব্যক্তিদের ক্ষেত্রে সাইবার নজরদারি বা স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার ঝুঁকি সবসময় থাকে। পেগাসাসের মতো উন্নত স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাকাররা দূর থেকে স্মার্টফোনের ক্যামেরা বা মাইক্রোফোন সচল করে গোপনে তথ্য রেকর্ড করতে পারে।
এই ঝুঁকি এড়াতেই একটি ভৌত বা ফিজিক্যাল বাধা হিসেবে লেন্সের ওপর এই বিশেষ ‘ট্যাম্পার-এভিডেন্ট’ স্টিকার ব্যবহার করা হয়। এই স্টিকারটি এমনভাবে তৈরি কেউ যদি এটি সরিয়ে ফেলে বা সামান্য নাড়াচাড়া করে, তবে সেখানে স্পষ্ট চিহ্ন রয়ে যায়, যা নিরাপত্তা লঙ্ঘনের তাৎক্ষণিক সংকেত দেয়।
ইসরায়েলের স্পর্শকাতর সরকারি এলাকা এবং সামরিক স্থাপনায় ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর কার্যালয় ও নেসেটের ভেতরে নিরাপত্তার প্রটোকল হিসেবেই মন্ত্রী ও কর্মকর্তাদের ফোনে এ ধরনের স্টিকার লাগানো হয়। এটি নিশ্চিত করে, কোনো অবস্থাতেই যেন গুরুত্বপূর্ণ কোনো নথি বা গোপন কক্ষের ছবি দুর্ঘটনাবশত বা উদ্দেশ্যমূলকভাবে ফাঁস না হয়ে যায়।
