নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি, বিপৎসীমার ওপরে উপদাখালী নদী

নেত্রকোনা প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টিতে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার প্রধান নদীগুলোর মধ্যে সোমেশ্বরীর শাখা উপদাখালী নদীর পানি টানা দুই দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা বা জলাবদ্ধতার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, কলমাকান্দা উপজেলার ডাকবাংলা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি প্রধান নদীর মধ্যে দুটি নদীর পানি বৃদ্ধি পেলেও সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। আটপাড়া উপজেলার মগড়া নদীর পানিও বাড়ছে। তবে সেটি এখনো বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে হাওরাঞ্চলের ধনু ও কংস নদী এবং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানির প্রবাহ কমতে শুরু করেছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ভারতের মেঘালয়ে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে জেলার নদ-নদীর পানি ধীরে ধীরে কমে আসবে।

এদিকে সোমবার সকাল থেকেই জেলার প্রায় সব উপজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights