নেত্রকোনায় বিস্ফোরক মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান জেলে
নেত্রকোনা প্রতিনিধি
পুরনো একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া অস্ত্র খুনসহ অসংখ্য মামলার আসামি আলোচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আউলকে (৫৫) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সীমান্ত কুল্লাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
সম্প্রতি সীমান্তের আওয়ামী লীগের কর্মী মজিবর হত্যা মামলার আসামি বিএনপি নেতা এই ইউপি চেয়ারম্যান। এছাড়াও তার বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলা, চোরাচালানসহ অগনিত মামলা রয়েছে।
মঙ্গলবার আদালতের মাধ্যমে সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ বুধবার সকালে নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব। জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) গত সোমবার রাতে জেলা শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল আউলকে গত বছরের ৯ জুন দুর্গাপুর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক দ্রব্য আইন মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও দুর্গাপুরে সাম্প্রতি খুন হওয়া আওয়ামী লীগ কর্মী মজিবর রহমান হত্যা ও কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি তিনি। এর বাইরেও খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে।
