নেত্রকোনায় ভারতীয় রুপিসহ যুবক আটক
নেত্রকোনা প্রতিনিধি:
সীমান্ত উপজেলা নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপিসহ জসিম রোমান (২৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে আটকের পর বুধবার তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজয়পুর বিওপির নায়েক বাবুল আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক যুবক ওই উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজংয়ের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরাকালে জসিম রোমানকে (২৩) আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
বিজিবির সদস্য বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত টহলের সময় ওই যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করে রাতেই তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি তদন্ত নুরুল আলম জানান, থানায় মামলা হয়েছে। আসামি কোর্টে পাঠাচ্ছি। রুপিগুলো সিলগালা করা হয়েছে।
