নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
বোলিংয়ে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত স্পেল, এরপর ব্যাট হাতে জিসান আলমের ঝড়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ এইচপি দল। নেপাল ‘এ’ দলকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দিয়ে ৫৮ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক ইরফান শুক্কুর। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে নেপাল। মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে তারা।

একপ্রান্তে অবশ্য প্রতিরোধ গড়েন কুশল ভুর্তেল। তাঁর ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৪৬ রান। সাহাব আলম করেন ১১ রান। ১১ রানে অপরাজিত থাকেন বিপিন খত্রী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রানেই থামে নেপালের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ রুবেল। চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে চারটি উইকেট নেন এই অফস্পিনার। সামিউন বাসীর, রিপন মণ্ডল ও রোহান উদ দৌলা নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে নেয় তারা। তৃতীয় ওভারে হাবিবুর রহমান সোহান ফিরলেও বাংলাদেশের জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি।

এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন জিসান আলম। মাত্র ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন আরিফুল। আর জিসান ৫২ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন।

বাংলাদেশের এইচপি দল এর আগে দুইবার টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নিয়েছে। একবার ফাইনালেও উঠেছিল তারা, তবে শিরোপা জিততে পারেনি। এবারও শিরোপার লক্ষ্যেই শুরু করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল একই ভেন্যুতে হোবার্ট হারিকেনস একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights