নেশনস লিগের ফাইনাল দেখতে এসে দর্শকের মৃত্যু

অনলাইন ডেস্ক
নিজ দেশ জার্মানি নেশনস লিগের ফাইনালে না উঠলেও পর্তুগাল-স্পেন ম্যাচ দেখতে এসেছিলেন এক দর্শক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ফাইনাল দেখতে এসেছিলেন সেই জার্মান দর্শক। কিন্তু ম্যাচ শেষে আর ঘরে ফিরতে পারলেন না তিনি। ফিরেছেন সৃষ্টিকর্তার কাছে।

গতকাল প্রথমার্ধের যোগ করা সময়ে পরপারে পাড়ি জমান তিনি। গ্যালারির ওপরের অংশ থেকে নিচে প্রেসবক্সের সামনে পড়ে যান তিনি। পড়ার পর কিছুক্ষণ মৃত্যুর সঙ্গেও লড়াই করেছেন তিনি। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পরেও জার্মান দর্শককে বাঁচানো যায়নি। সেই দর্শকের নাম জানা না গেলেও তার বাড়ির ঠিকানা জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। গারমিশ-পার্টেনকিরচেন তার বাড়ি।

দর্শকের মৃত্যু নিশ্চিত করে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘মিউনিখ অ্যারেনায় খেলার চলাকালীন জরুরি মেডিক্যালের প্রয়োজন হয় এবং সর্বোচ্চ চেষ্টার করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারেননি মেডিক্যাল টিম। এমন কঠিন মুহূর্তে তার প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

টাইব্রেকারে পর্তুগালের কাছে ফাইনাল হারলেও ম্যাচ শেষে দর্শকের মৃত্যুতে সমবেদনা জানাতে ভুলে যাননি লুইস দে লা ফুয়েন্ত। স্পেনের কোচ বলেছেন, ‘যিনি আজ গ্যালারিতে মারা গেছেন সেই দর্শকের পরিবারের প্রতি আমার সমবেদনা। এটা আমাদের আরেকবার অনুধাবন করাল জীবন কতটা গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights