নেশার টাকার জন্য মা-ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান মুন্না (৩৪) নামের মাদকাসক্ত এক যুবক ধারালো বঁটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী হাসান ওই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।

হামলার সময় তিনি বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে এলাকাবাসী ইট ছুঁড়ে তাকে আহত করে বাড়ির দরজা ভাঙে। এরপর পুলিশ ও এলাকাবাসী বাড়ির ভেতরে ঢুকে মেহেদীর মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এছাড়া অভিযুক্ত মেহেদী হাসানকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাড়িটি থেকে হামলায় ব্যবহৃত বঁটি জব্দ করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মৃদুল জানান, নেশা করে তার ভাই মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন টাকার জন্য প্রায়ই বাড়িতে অত্যাচার করেন।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, নেশা করার টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ধারালো বঁটি দিয়ে তার মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মেহেদী হাসানকে মারধর করেন। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, আহত মনোয়ারা ও তার ছেলে মৃদুলের শারীরীক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights