নোংরা পরিবেশে ছানা উৎপাদন ও বালু উত্তোলনের দায়ে পৌনে তিন লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা উৎপাদন এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) ওই এলাকার মেছের আলীর ছেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
আদালত সূত্রে জানা যায়, রবিউল ইসলামের মিষ্টির ছানা উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। দীর্ঘদিন ধরে তিনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।
অভিযানে কারখানায় থাকা দুধ, ছানা এবং সেগুলো সংরক্ষণের পাত্রে মাছি ও পোকামাকড়ের উপস্থিতি দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
রাত ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈধ কাগজপত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদন এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রবিউল ইসলামকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
