নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’-এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা শাখার নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের গ্র্যান্ড এ. মালেক চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। শিক্ষক মো. মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শিক্ষক মো. মনির হোসেন, স্বাস্থ্যকর্মী মো. মনিরুল ইসলাম, শিক্ষক মো. আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, সাংবাদিক মফিজুর রহমান লিমন, শাহাদাৎ হোসেন, মো. আবুল হাসনাত অপু, আবু নাছের রতন, আশেক মান্নান হিমেল, অ্যাডভোকেট আনিছুর রহমান, ব্যবসায়ী শাহীন আহমেদ, সমাজকর্মী কোহিনুর আক্তারসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, নোঙরের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ অনুসরণ করে অরাজনৈতিক অবস্থান বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। তারা তিতাস ও মেঘনা নদী যথাযথভাবে খনন, ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল পুনঃখনন এবং খালের নাব্যতা ফিরিয়ে আনতে প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান।

এছাড়া জেলা সদরসহ বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া পুকুর উদ্ধার এবং আবর্জনায় ভরে থাকা পুকুর-জলাশয় পরিষ্কার করার জন্য সরকার, জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। নদী-খাল ও জলাশয়ে পলিথিনসহ আবর্জনা ফেলে ভরাট এবং পানি দূষণ থেকে বিরত থাকতে জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।

সভায় শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি এবং সাংবাদিক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লালকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদসহ মোট ৭০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুমন শামস এক মোবাইল বার্তায় বলেন, নদীমাতৃক বাংলাদেশের প্রাণের স্পন্দন ব্রাহ্মণবাড়িয়া। তিতাস, মেঘনা ও খাল-বিলের সঙ্গে এ জেলার মানুষের জীবন ও প্রকৃতি গভীরভাবে জড়িয়ে আছে। নবগঠিত জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights