নোবিপ্রবিতে অমর একুশে বইমেলার উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৫ দিনব্যাপি অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
উদ্বোধনকালে উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ডিজিটাল এ যুগে আমাদের ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিন্টেড বইয়ের যে আনন্দ সেটা অন্য কোন মাধ্যমের সাথে তুলনা করা যাবে না। আমরা চাই একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠুক যা বই পড়ার মাধ্যমে সম্ভব।
উল্লেখ্য, ‘বইয়ের পাতায় চিন্তার বিপ্লব’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপি আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখা, শব্দ কুটির, রোটারেক্ট ক্লাব, অন্ট্রাপ্রিনারশিপ ক্লাব এবং এমআইএস নেট।
