নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোবিপ্রবিতে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যৌথভাবে এ সভার আয়োজন করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন,
‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এ শোকসভায় আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং তাঁর হাত ধরেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের যাত্রা শুরু হয়।’
নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র হারুন-অর-রশীদ আজাদ, নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, উপ-রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন, শাখা কর্মকর্তা আব্দুল কাদের রহমান ও শান-ই-এলাহী বাবু এবং নোবিপ্রবির শিক্ষার্থী মো. জাহিদ হাসান ও হাসিবুল হোসেন হাসিব।
