নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থান চলাকালে নোয়াখালীর বানিজ্য নগরী বেগমগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক আইনশৃঙ্খলার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।

গ্রেফতারকৃতরা হলো চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার সাইমুন হাসান পিয়াস (১৬) নাজিরপুর এলাকার রাহাতের রহমান নিরব (১৫) একই এলাকার জোবায়ের হোসেন (১৭) মেরাজ হোসেন (১৭) ইয়াছিন আরাফাত বিজয় (১৬) ওমায়ের হোসেন (১৮) একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।

সোমবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার হয়।
পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights