নোয়াখালীতে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি তার বাবার স্বপ্ন পূরণের জন্য বৃক্ষরোপণ ও খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইজদী পৌর পার্কে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষকদলের সভাপতি ফজলে এলাহী ওরফে ভিপি পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএস হারুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান বলেন, ‘মরহুম জিয়াউর রহমান সবুজ কর্মসূচি ও খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই সুযোগ্য সন্তান সেই পথ অনুসরণ করছেন।’

তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রত্যেককে ২ থেকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ‘নচেৎ ২৫ কোটি গাছ লাগানোর স্বপ্ন পূরণ হবে না।’ পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে গাছ দেওয়ার জন্যও নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা শহীদুল ইসলাম কিরণ, আবু নাছের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম ও ওমর ফারুক টপিসহ অনেকে।

অনুষ্ঠান শেষে মাইজদী পৌর পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি মো. শাহজাহান।

এ সময় জজকোর্টের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট রাশেদ, সাবেক ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা কৃষকদলের হারুনুর রশিদ ও কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights