নোয়াখালীতে তারুণ্যের মেলা ও সেমিনার অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবাসহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজসহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২ শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করে।
আজ শনিবার সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণের আরও সুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা, স্বাস্থ্য সেবায় সরকারী সুযোগ সুবিধা। এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।
মেলায় তরুণদের অংশগ্রহণে নাগরিক ইস্যু নিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু, ভিপি শাহানাজ, জাতীয় পার্টির লিটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ।
