নোয়াখালীতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এক বিমান কর্মকর্তার বাড়িসহ তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে ও অভিরামপুরের নছির মিয়ার বাড়ি ও মানিক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।

স্থানীয় চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বাবলু বলেন, একই রাতে ওই বিমান কর্মকর্তা ইসমাইল হোসেন বাবুলের বাড়িসহ তিন বাড়িতে মাইক্রোযোগে ডাকাতরা ডাকাতি করেছে। আন্তঃজেলা ডাকাত ও স্থানীয় ডাকাতদের যোগসাজশে এ ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার। তিনি বলেন, কিছু দিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ওই ভবন নির্মাণ কাজ শেষ করতে আমি কিছু টাকা ঋণে পড়ে যাই। রবিবার দিবাগত রাত একটার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর থেকে কিছু টাকা ঋণ নিয়ে আসি।
রবিবার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের সামনের দরজা ভেঙে ঘরে ঢুকতে চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে আমার রুম থেকে বের হয়ে একটু সামনে আসলেই দেখি ডাকাতরা ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে গেছে। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মাথার উপর একটি নকশিকাঁথা দিয়ে আমাকে ঢেকে রাখে। এরপর ঘরের আসবাবপত্র ও স্টিলের আলমারির তালা ভেঙে আমার বিধবা বোনের গরু বিক্রির আড়াই লাখ টাকাসহ নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা, প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা চুরি নাকি ডাকাতি, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights