নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নলকূপ বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বন্যাকবলিত মানুষের বিশুদ্ধ পানির সংকট ঘোচাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে অগভীর নলকূপ বিতরণ করেছে আন নুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির কর্মকর্তারা বলছেন বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের জন্য তাদের পরবর্তী প্রজেক্ট গৃহ নির্মাণ।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামে বন্যা কবলিত ৫১ পরিবারের মাঝে এই নলকূপ ও খাবার বিতরণ করেন তারা। এছাড়াও সংগঠনটি সম্প্রতি নোয়াখালীতে ঘটে যাওয়া সর্বনাশা বন্যায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরণ করেছে।
এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী বলেন, যতদিন বাঁচবো ততদিন গরীব, দু:খী ও গৃহহীন মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, আন নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, ফাউন্ডেশনের সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, ফাউন্ডেশনের নির্বাহী মেম্বার ইঞ্জি. মো. ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।
