নোয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের সাইবার বুলিং ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা

অনলাইন ডেস্ক
তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার বুলিং প্রতিরোধে নোয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাইবার বুলিং ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।

রবিবার (২ আগস্ট) নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সায়েম।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সহসভাপতি লাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক আফিফা সুলতানা, দপ্তর সম্পাদক ইসতিহা শবনম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অর্পিতা রানী মজুমদার, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক হুমায়রা আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এর ইতিবাচক ব্যবহারের পাশাপাশি সাইবার বুলিং, অনলাইন হয়রানি, ভুয়া তথ্যের বিস্তার, পরিচয় চুরি, আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের মতো ঝুঁকিও বাড়ছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান, হুমকি, কটূক্তি, গুজব ছড়ানো কিংবা অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য প্রকাশ করা সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত। এ ধরনের কর্মকাণ্ড একজন মানুষের আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য ও সামাজিক জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সাইবার বুলিংকে কখনোই সাধারণ ঘটনা হিসেবে দেখা উচিত নয়।

নিরাপদ ডিজিটাল জীবন নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বি-স্তরীয় নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু রাখা, অপরিচিত লিংক ও ফিশিং বার্তা এড়িয়ে চলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য সীমিতভাবে শেয়ার করা এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, অনলাইনে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হলে বিষয়টি গোপন না রেখে পরিবার, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ করে আইনগত সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল অধিকার, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা বাস্তব উদাহরণ ও ব্যবহারিক পরামর্শের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দেন।

আলোচনা সভা শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights