নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) কে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হকার্স মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তার সহযোগীর বুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights