নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (২৪) উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। গত ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিলেন তিনি। এ সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনের সাথে বিদ্যুস্পৃষ্টে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights