নৌকার পক্ষে ভোট চাওয়ায় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমকে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মোঃ সিরাজ উদ্দিন ইকবাল এই শোকজ করেন। এ বিষয়ে অভিযুক্ত মো. ছামছুল আলম মঙ্গলবার বলেন, আমি সরকারি কর্মকর্তা। আমি কেন নৌকা প্রতীকের ভোট চাইতে যাবো। এগুলো বালখিল্য অভিযোগ। এখনও শোকজের কপি হাতে পাইনি। কপি হাতে পেয়ে বিস্তারিত বলতে পারবো।

পহেলা জানুয়ারি দেয়া শোকজ নোটিসে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে দেয়া একটি অভিযোগের অনুলিপি অত্র কমিটির নিকট এসেছে। উক্ত অভিযোগ অনুযায়ী আপনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া স্বত্বেও বিগত ২৭ডিসেম্বর কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এছাড়া আপনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়েছেন ও যাচ্ছেন। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকা স্বত্তেও শিক্ষকদের ডেকে এনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। আপনার বিরুদ্ধে আনীত বর্ণিত অভিযোগের বিষয়ে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া গেল। ওই দিন সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights