নৌবাহিনী ধ্বংস করলে পারস্য সাগরে জাহাজ আনুন, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। যদি তার সাহস থাকে, তাহলে তিনি যেন পারস্য সাগরে জাহাজ পাঠান।

আলি মোহাম্মদ নাইনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেন যে তারা ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, যদি তার সাহস থাকে, তাহলে তাকে পারস্য সাগরে জাহাজ আনতে দিন।’

উল্লেখ্য, পারস্য সাগরে প্রবেশ করতে হলে ওমান সাগর হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা এখনো অবরুদ্ধ রয়েছে।

বিপ্লবী গার্ডের এই মুখপাত্র আরও বলেন, এখন পর্যন্ত ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো প্রায় এক যুগ আগে তৈরি। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের পর তৈরি নতুন মিসাইলগুলো এখনো ব্যবহার করা হয়নি বলেও তিনি জানান।

এদিকে, আইআরজিসি দাবি করেছে রবিবার ভোরে তাদের নৌবাহিনী একযোগে চারটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কমান্ড সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights