পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!

ক্রীড়া প্রতিবেদক
ছোট দলগুলোতে আটকে যাচ্ছে বড় দলগুলো। বিশ্বকাপে প্রথম খেলতে এসেছে কেপ ভার্দে। ফুটবল মহাযজ্ঞে নিজেদের অভিষেক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে ৬ লাখ নাগরিকের ছোট্ট দেশ কেপ ভার্দে। বেলজিয়াম আটকে গেছে ফারাওদের দেশ মিসরের কাছে। ব্রাজিলকে চমকে দিয়েছে মরক্কো। নেদারল্যান্ডসকে রুখে পয়েন্ট আদায় করে নিয়েছে জাপান। বিশ্বকাপ ফুটবলে আজ মাঠে নামছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ আফ্রিকার দেশ ডি আর কঙ্গো। নিউজার্সিতে কঙ্গোর বিপক্ষে খেলতে নামছেন রোনালদো। ছোট দলগুলোর চোখ ধাঁধানো পারফরম্যান্সে ভড়কে যাচ্ছে বড় বড় দল। অনেকটাই পচা শামুকে পা কাটার মতো! রোনালদোর পর্তুগালও কি আজ ভয় পাচ্ছে কঙ্গোকে?

বিশ্বকাপে পর্তুগাল আলোচনায় উঠে আসে ১৯৬৬ সালে। সেবারই প্রথম বিশ্বকাপ খেলেছিল দেশটি। গ্রুপ পর্বে টানা তিন জয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। উত্তর কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ০-৩ গোলে পিছিয়েছিল। দলের বেহাল অবস্থা দেখে মাঠেই কেঁদে ফেলেছিলেন ইউসেবিও। হ্যাটট্রিক করে পর্তুগালকে সেমিফাইনালে নেন ৫-৩ গোলে জয় উপহার দিয়ে। সেবার তৃতীয় হয়েছিল দেশটি। ২০ বছর পর পুনরায় বিশ্বকাপে খেলেছে পর্তুগাল। ‘সি আর সেভেন’ খেলছেন ২০০৬ সাল থেকে। এবার খেলবেন ষষ্ঠ আসর। শুধু সি আর সেভেন নন, ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন আর্জেন্টিনার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেললেও কোচের চক্ষুশূল হয়ে কোনো ম্যাচেই নিয়মিত খেলতে পারেননি রোনালদো। এবার কোচ রবার্তো মার্টিনেজ আস্থা রেখেছেন ৪১ বছর বয়সি পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার সি আর সেভেনের ওপর। খেলবেন ১৪৪ আন্তর্জাতিক গোলের টার্গেটে। ২২৯ আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা ১৪৩টি।

পর্তুগাল ও কঙ্গো খেলছে ‘কে’ গ্রুপে। অন্য দুটি দল কলম্বিয়া ও উজবেকিস্তান। আজ মাঠে নামছে পর্তুগিজরা প্রীতি ম্যাচে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসে। বিশ্বের ৯৪ নম্বর র‌্যাঙ্কিংয়ের দল কঙ্গো আজ মাঠে নামছে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র ও চিলির বিপক্ষে ২-১ গোলের হারের স্বাদ নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এখন খেলছেন সৌদি আরবের আল নাসর ক্লাবে। তার নেতৃত্বে নাসর এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে। রোনালদো ছাড়া দলের আস্থার নাম নুনো মেনডেজ ও ভিতিনহা। দুজনই পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়া ব্রুনো ফার্নান্দেজ খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সব মিলিয়ে র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল পর্তুগাল এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট। কঙ্গো খেলবে নিজেদের পরিচিত করে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights