‘পতিত আ.লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার’

অনলাইন ডেস্ক
পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ (চালু রাখতে) করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করার প্রেক্ষাপট কিন্তু এখন বাংলাদেশে নেই। অন্তর্বর্তী সরকারের একটি অন্তর্বর্তীকালীন বাজেট এড্রেস (সঠিকভাবে তুলে ধরা) করার সুযোগ ছিল। সেটা না করে, সেই লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা এখন খুব কঠিন একটা কাজ।’

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘ঘাটতি মেটাতে এনবিআরের শুল্ক বা ভ্যাট বাড়ানো ছাড়া কোনো কাজ নেই। সরকারের এই সহজ প্রক্রিয়া না গিয়ে অল্টারনেটিভ প্রক্রিয়া নেয়া দরকার ছিল। দেশের মানুষ এখন খুব কষ্টে আছে, দৈনন্দিন দু’বেলা খেতেও কষ্ট হচ্ছে তাদের। মানুষের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এতে আরো কর আরোপ করলে দেশের মানুষ দরিদ্রসীমার নিচে চলে যাবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন একটি বাজেট দেয়া। পতিত সরকারের লুটপাটের বাজেট থেকে সরে এসে বর্তমান ক্রাইসিস সময় নিয়ে এ সরকারকে চিন্তা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights