পতেঙ্গায় তেল খালাসের সময় জাহাজে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গায় অপরিশোধিত একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরেছে। আগুন নেভাতে কাজ করছে কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌ-বাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম।

সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে। তেল খালাস করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে কি না নিশ্চিত হওয়া যায়নি।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে একটি জাহাজে আগুন লেগেছে। জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ। জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights