পত্রিকার প্রচ্ছদ থেকে কেন বাদ পড়তেন, কারণ জানালেন সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক

বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। আজও নানা কারণে চর্চায় থাকেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘তালি’। সিরিজে একজন রূপান্তরকামী সমাজকর্মীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। বলিউডে পা রাখার পর থেকেই নিজের স্পষ্ট মতামতের জন্য সুস্মিতা জনপ্রিয়। তবে স্পষ্টবক্তা হওয়ার জন্য এক সময় তাকে মাশুলও গুনতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নব্বইয়ের দশকে একের পর এক বিনোদন পত্রিকার প্রচ্ছদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

অভিনেত্রীর মতে, এর নেপথ্য কারণ তার ভাবমূর্তি। সেই সময় ইন্ডাস্ট্রিতে নাকি তাকে ‘নেতিবাচক অনুপ্রেরণা’ বলে মনে করা হতো বলেই জানিয়েছেন সুস্মিতা। তার কথায়, “তখন সমাজ আরও রক্ষণশীল ছিল। সেখানে সাহসী কিছু বলা মানেই তাকে খারাপ বলে দাগিয়ে দেওয়া হতো।”
এরই সঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্স বলেন, “বলা হত, আমাকে যেন তাদের বাচ্চা এবং অন্যান্যদের সামনে না আনা হয়।”

তবে এই বৈষম্য নিয়ে তার মনে কোনও রকম খারাপ লাগা পুষে রাখেননি অভিনেত্রী। তার পাল্টা প্রশ্ন, “কেউ যদি আমার বাকস্বাধীনতাই কেড়ে নেয়, তাহলে আমার স্বাধীনতা বলতে আর কী রইল?”

ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে এই ভাবে তিনি আরও স্পষ্টবাদী হয়ে উঠেছেন বলে বিশ্বাস করেন সুস্মিতা।

কয়েক বছর আগে ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেন সুস্মিতা। কয়েক মাস আগে সিরিজের তৃতীয় সিজনের শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। তবে আপাতত সুস্থ হয়ে কাজে ফেরার জন্য প্রস্তুত সুস্মিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights