পদত্যাগের চাপে যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, সরে দাঁড়াতে বলছেন মন্ত্রীরাও

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির। এই পরাজয়ের পর এখন রাজনীতিতে টিকে থাকাই দায় হয়ে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মন্ত্রিসভার একাধিক সদস্য তাকে সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন, আর প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন ৭০ জনের বেশি লেবার এমপি।

সোমবার স্টারমার বলেছেন, নেতৃত্ব নির্বাচন নিয়ে বিশৃঙ্খলায় দেশকে ঠেলে দিলে জনগণ লেবার পার্টিকে ‘কখনোই ক্ষমা করবে না’। তিনি আরও বলেন, দল ও দলের বাইরে থাকা সমালোচকদের ভুল প্রমাণ করবেন তিনি।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ স্টারমারকে বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ নির্বাচনী পরাজয়ের পর তার উচিত হবে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা। আরও অন্তত দুজন মন্ত্রী জন হিলি ও ডেভিড ল্যামি স্টারমারের সঙ্গে আলোচনা করেছেন কীভাবে ‘দায়িত্বশীল, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল’ উপায়ে পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া যায়।

তবে রিচার্ড হারমার ও স্টিভ রিডসহ কয়েকজন মন্ত্রী তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক মন্ত্রী বলেন, ‘কিয়ার শেষ পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের কথা শুনেছেন। তবে এরপর কী হবে এবং দল ও দেশের জন্য কী ভালো, তা নিয়ে ভেতরে মতভেদ আছে। মন্ত্রিসভার বৈঠকের আগেই তাকে সিদ্ধান্ত নিতে হবে।’ প্রধান হুইপ জনাথন রেনল্ডস দিনভর ডাউনিং স্ট্রিটে থেকে ব্যাকবেঞ্চ এমপিদের মনোভাব প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights