পদত্যাগ করতে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়?

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক তৃতীয়বারের মতো ভেস্তে যাওয়ার পর তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, তিনি সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন এবং বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি অভিযোগ করেন, জুনিয়র চিকিৎসকরা বিচার চান না, বরং ক্ষমতার চেয়ারকে প্রাধান্য দিচ্ছেন।

মঙ্গলবার থেকে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এর আগে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও, বৈঠকটি মূলত চিকিৎসকদের দুটি প্রধান শর্তের কারণে বারবার ব্যর্থ হয়। তারা বৈঠকের সরাসরি সম্প্রচার এবং ৩০ জনের প্রতিনিধিদল নিয়ে আলোচনায় বসার দাবি করেছিলেন, যা রাজ্য সরকার মেনে নিতে অস্বীকার করে।

মমতা বলেন, আমি তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসকরা বাইরে থেকে নির্দেশ পেয়ে বৈঠকে আগ্রহী হননি এবং বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দেবে না। কিন্তু আমি কিছু করব না। ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। সাত লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, পুরোটাই মমতার নাটক। ন্যায্য দাবি মানতে রাজি নন। মুখোশ খুলে যাওয়ার ভয়ে, তিনি আলোচনা ভেস্তে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, যদি জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে চান, তবে মুখ্যসচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights