পদযাত্রার নামে বিএনপি হামলা ও সন্ত্রাস সৃষ্টি করছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকাল ৪টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। হুইপ বলেন, দিনাজপুরে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে, বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি পদযাত্রার নামে আওয়ামী লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর করেছে। আমি এ ঘটনার নিন্দা জানাই। এর নাম কি গণতন্ত্র, এর নাম কি মানবাধিকার। যাদের ইঙ্গিতে এই হামলা করা হয়েছে, তাদের গ্রেফতার করে শাস্তির বিধান করতে হবে। ইকবালুর রহিম বক্তব্যের মাধ্যমে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন, দলের সাধারণ সম্পাদক ফখরুল সাহেবকে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য।

হুইপ বলেন, আজকে বিএনপি ৮ জেলা নিয়ে বিভাগীয় পদযাত্রা করেছে। সন্ত্রাস করে ভাঙচুর করে আমাদের মিছিলের লোক আসতে বাধা দিয়ে সমাবেশ করেছে দিনাজপুর ইনস্টিটিউটে। যেখানে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়ে গোর এ শহীদ বড়ময়দানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে। লজ্জা করে না মির্জা ফখরুল ইসলামের।
ইকবালুর রহিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, ফখরুল সাহেব তখন কোথায় ছিল আপনাদের গণতন্ত্র আর মানবাধিকার। মানবাধিকার দেখুন আর শিখুন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমাদের বঙ্গবন্ধু কন্যা মানবতা দেখিয়েছেন লাখ লাখ রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিয়ে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমান বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights