পদ্মায় ৪৮ গরু নিয়ে ট্রলারডুবি
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১৭টি গরু জীবিত উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির পশুর হাটে বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে গেছে।
চৌহালী উপজেলার মুরাদপুরের গরু ব্যবসায়ী মো. নূরুল ইসলাম জানান, খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তারা ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে।
হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ নদীতে ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
