পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে দৌলতদিয়া রেজাউল মণ্ডলের আড়ত থেকে নিলামে মাছটি বিক্রি হয়। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

জানা গেছে, গতকাল ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে সুব্রত হালদার সহযোগীদের নিয়ে পদ্মায় জাল ফেলেন। সকাল ৬টার দিকে জাল তুলতেই জালে বড় ধাক্কা লাগে। জাল তুলে তিনি বিশাল আকৃতির কাতলা মাছ দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন। মাছটির ওজন হয় ২৫ কেজি ৫০০ গ্রাম। সেখানেই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় কাতলা মাছের চাহিদা রয়েছে। সে কারণে মাছটি আমি আড়ত থেকে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি করে দিয়েছি। জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক বলেন, পদ্মার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। পদ্মার কাতলা মাছ বেশ সুস্বাদু তাই দাম বেশি। পদ্মার মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য জেলা মৎস্য অফিস কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights