পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়!
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন আড়তে মো. হালিমের আড়তে কাতল মাছটির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২ হাজার টাকা কেজি দরে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন।
জানা গেছে, রবিবার ভোরে স্থানীয় জেলে জমির হলদার তার সহযোগীদের নিয়ে পদ্মার কলাবাগান এলাকায় জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালে বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়ে। জেলেরা খুশি হয়ে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিলে দেখা যায় মাছের ওজন ৩৫ কেজি। এ সময় বড় কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। সেখানে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে ফেরিঘাটের কয়েকজন মাছ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। নিলাম থেকে ২ হাজার টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মো. শাহজাহান মাছটি ক্রয় করেন। পরে তিনি জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারি পরিচালক পলাশ হালদার বলেন, পদ্মার মৎস্য সম্পদ বৃদ্ধি পাওয়ায় জেলের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। মৎস্য বিভাগের আইন মেনে চললে পদ্মার মাছ আরও বাড়বে বলে দাবি করেন এই কর্মকর্তা।
