পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুদিনে দুই দুর্ঘটনা, নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় দুই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হন। এর একদিন পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

নিহত শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী। অন্যদিকে, নিহত বাসচালক নজরুল ইসলাম পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ছাত্তার হাওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন শুকুরজান বিবি। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর পরদিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে একই এলাকায় ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে চালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। সংঘর্ষে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছেন।

বৃহস্পতিবারের দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights