‘পরিত্যক্ত ভূমি পেলে সৌন্দর্যবর্ধনে অর্থায়ন করবে চসিক’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারি যে কোনো সংস্থা উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্যবর্ধনে প্রকল্প করা হবে।

মঙ্গলবার সকালে কাতালগঞ্জে সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধনের পর জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের পরিচিত করতে ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীসহ ৫৬ জন বরেণ্য কিংবদন্তির প্রতিকৃতি সংযোজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক প্রমুখ।
তাছাড়া, কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এস.টি.এস) নির্মাণ, রোড ডিভাইডার সহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল। এরপর ৫৬ জন কিংবদন্তির হাতে আঁকা পেইন্টিং সম্বলিত ’ডকুপেইন্টের’ উদ্বোধন করেন মেয়র।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগরপরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি। আমি চাই পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাটার ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights