পরিত্যক্ত রাইস মিলে অভিযান, মাটিচাপা অবস্থায় টিসিবির ৭২২ বোতল তেল উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে একটি পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় টিসিবির দুই লিটারের ৭২২ বোতল সয়াবিন তেল উদ্ধার করেছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে শহরের বাগেরহাটা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪-এর জামালপুর কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহাম্মেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযানকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মনসুরের পরিত্যক্ত রাইস মিলের ভেতরে মাটি খুঁড়ে টিসিবির তেল উদ্ধার করা হয়। তবে তেলগুলো কারা মজুত করেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় মিলের কেয়ারটেকার বিশাল মিয়া ও ট্রাকচালক শাহীনকে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার স্বল্পমূল্যে দরিদ্র মানুষের কাছে ট্রাকের মাধ্যমে টিসিবির এসব তেল বিক্রি করে থাকে। উদ্ধার করা তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে সেখান থেকে কিছু তেল বিক্রিও হয়েছে বলে তাঁদের সন্দেহ।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা তেল ন্যায্যমূল্যে বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights