পরিবহন খাতে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নের আহ্বান শিমুল বিশ্বাসের
নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক ও মালিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে হবে।’
শনিবার সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত নানা সংকট, অধিকার, নিরাপত্তা ও চলমান সমস্যার সমাধানে সারা দেশ থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’ সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের কর্মক্ষেত্রের নানামুখী সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জননেতা মো. হুমায়ুন কবির খান। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আলোচনা ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
মতবিনিময় সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
