পরিবেশ আন্দোলন সফল করতে গাছ রোপণের আহ্বান এমপি শ্যামলের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর তাগিদ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি শ্যামল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে, তারা ভালো ছাত্র। এবারের পরীক্ষা কঠোর ও কড়াকড়ি মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, তা ফলাফলে স্পষ্ট বোঝা যায়। এবারের রেজাল্ট আগের বিএনপি আমলের পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। তখন মেধার প্রকৃত মূল্যায়ন হতো। তোমরা যারা আজ জিপিএ-৫ পেয়েছ, একটি মাত্র ধাপ অতিক্রম করেছ। জিপিএ-৫ পাওয়াই চূড়ান্ত সফলতা নয়। সফলতার কেবল শুরু।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। এর সফল বাস্তবায়ন শুরু হয়েছে। এই পরিবেশ আন্দোলনকে সফল করতে প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করবে। পরিবারের সদস্যদেরও গাছ রোপণে আহ্বান করতে হবে।
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন, জুনিয়র বৃত্তি ৩৯ জন, প্রাথমিক বৃত্তি ৫৯ জন ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চারজন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ব করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ওবায়দুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমানসহ অন্যরা।
