পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে তীব্র তাপদাহের সতর্কতা

অনলাইন ডেস্ক
কানাডার টরন্টোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপের নকআউট ম্যাচকে ঘিরে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে। দর্শকদের পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

কানাডার আবহাওয়া বিভাগ জানিয়েছে, এদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

টরন্টো শহরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মিশেল মুর্তি বলেন, তৃষ্ণা লাগার অপেক্ষা না করে সারাদিন নিয়মিত পানি পান করা উচিত। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলারও পরামর্শ দেন তিনি। কারণ এটি শরীরে পানিশূন্যতা বাড়িয়ে দিতে পারে।

বজ্রঝড়ের আশঙ্কায় শহরের বিভিন্ন স্থানে আয়োজিত কিছু খেলা দেখার অনুষ্ঠান বাতিলও হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিশ্বকাপে টরন্টো স্টেডিয়ামে এটিই শেষ ম্যাচ। তাই ম্যাচ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা ও সমর্থকদের জন্য বিশেষ ফ্যান জোন তৈরি করা হয়েছে। এরই মধ্যে তীব্র গরমে দর্শকদের স্বস্তি দিতে টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে পানি ছিটানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

খেলা দেখতে আসা স্থানীয় বাসিন্দা মেগান রেনি বলেন, ‘বাইরে এত গরম যে খেলোয়াড়রা কীভাবে খেলছেন, সেটাই ভাবছি। সম্ভবত গরমের কারণে আমাকে খেলা শেষ হওয়ার আগেই চলে যেতে হবে।’

কলম্বিয়া থেকে আসা লরা আলভারেজ বলেন, ‘ভাগ্য ভালো এখানে পানির ব্যবস্থা আছে। তবে এত গরমে এখন হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়াই ভালো মনে হচ্ছে। পরে আবার বাইরে আসতে পারি।’

সূত্র : রয়র্টাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights