পলিথিন বিরোধী অভিযানে হামলা : জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

অনলাইন ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক মুহা. শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এসময় গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের তার চিকিৎসার বিষয়ে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে “ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা” বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

সভায় তিনি জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে বন, নদী, হাওর ও সমুদ্র সৈকতের জন্য পৃথক ইকোট্যুরিজম গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights