পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
দীপক দেবনাথ, কলকাতা
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদপ্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে বেছে নিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন দল বিজেপি। তিনি কোচবিহার দক্ষিণ আসনের বিধায়ক।
বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে স্পিকার পদপ্রার্থী হিসেবে বৃহস্পতিবার রথীন্দ্রনাথকে বেছে নেওয়া হয়। শুক্রবার বিধানসভার স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার আগে বৃহস্পতিবারই স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেন রথীন্দ্রনাথ। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীসহ রাজ্যের মন্ত্রীরা এবং একাধিক বিধায়ক।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আমাদের সকল বিধায়ক, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাথে পরামর্শ করে, জাতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদন নিয়ে দলের বলিষ্ঠ ও আদর্শবাদী নেতাকে বেছে নেওয়া হয়েছে।”
শুভেন্দু আরও বলেন, “রথীন্দ্রনাথ গত কয়েক বছর ধরে নিষ্ঠার সাথে দলকে সেবা দিয়েছেন। তিনি কখনও নিজেকে বিধায়ক, স্পিকার, নেতা বা মন্ত্রী করার জন্য আবেদন করেননি। এমন এক নিষ্ঠাবান কর্মীকে আজ স্পিকার পদে মনোনীত করা হয়েছে। তাছাড়া এই পদ চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রথাগত শিক্ষারও দরকার রয়েছে। উনি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এই ধরনের একজন বিধায়ককে স্পিকার পদে মনোনীত করতে পেরে আমরা সকলেই খুশি।”
বিরোধীদলের কাছে আবেদন রেখে শুভেন্দু এও জানান, “এখানে কোনওদিন স্পিকার পদে নির্বাচন হয়নি। তাই বিরোধীপক্ষকে আবেদন জানাবো পরম্পরা মেনে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য আছে তা বজায় রাখবে। আগামীকাল (শুক্রবার) এগারোটার সময় স্পিকার পদে নির্বাচন হবে।”
যদিও বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নেবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে সংখ্যার নিরিখে স্পিকার নির্বাচনে বিজেপির জয় কার্যত নিশ্চিত।
২০২৬ সালের নির্বাচনে কোচবিহার দক্ষিণ আসনে থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন রথীন্দ্রনাথ। স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর রথীন্দ্রনাথ জানান, “দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করব।”
সাধারণত স্পিকার হিসেবে আইনজ্ঞ বা পেশায় আইনজীবী কাউকেই স্পিকার পদে মনোনীত করে থাকে রাজনৈতিক দলগুলো। বাম আমলে বিধানসভার স্পিকার হয়েছিলেন যথাক্রমে সৈয়দ আব্দুল মনসুর হবিবুল্লাহ এবং হাসিম আব্দুল হালিম। তৃণমূল আমলে রাজ্য বিধানসভার স্পিকার ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান ব্যানার্জি। সেক্ষেত্রে এবার অলিখিত এই প্রথা ভাঙতে চলেছে। সব কিছু ঠিক থাকলে স্পিকার নির্বাচিত হতে চলেছেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্রনাথ বোসই।
এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান চলে। এদিন বেলা ১১টা থেকে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।
দ্বিতীয় দিনে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার জয়ী বিধায়করা শপথ নেন।
শপথ নেওয়া জয়ী বিধায়কদের মধ্যে অন্যতম বিজেপির রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, পূর্ণিমা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম, কুনাল ঘোষ, শোভন দেব চট্টোপাধ্যায়, নয়না ব্যানার্জিরা।
