পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার

স্পোর্টস ডেস্ক
ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বেলজিয়ামের উদীয়মান উইঙ্গার জেসে বিসিউকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বেলজিয়ান ক্লাব ব্রুগ থেকে ৮.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিয়েছে কাতালানরা। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩১ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে থাকবেন।

বার্সেলোনার সদর দপ্তরে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, হৃদরোগজনিত জটিলতা থেকে সুস্থ হওয়ার পর এটি ছিল লাপোর্তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি দলের ইংল্যান্ড সফরে যোগ দিতে পারেননি।

আনুষ্ঠানিক চুক্তির আগেই বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেন বিসিউ। ইংল্যান্ডের সেন্ট জর্জস পার্কে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনের সুযোগ পান তিনি। এতে নতুন মৌসুম শুরুর আগেই তরুণ এই উইঙ্গারের পারফরম্যান্স ও সামর্থ্য কাছ থেকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছে কোচিং স্টাফ।

অনুশীলনে নিজের নিবেদন ও পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে সতীর্থ ও কোচিং স্টাফের নজর কাড়তে সক্ষম হয়েছেন বিসিউ। তিনি জানিয়েছেন, হান্সি ফ্লিকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং আক্রমণভাগের যেকোনো পজিশনে সুযোগ পেলে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।

প্রাথমিকভাবে তাঁকে বার্সেলোনার রিজার্ভ দল বার্সেলোনা আতলেতিক -এ নিবন্ধন করা হলেও, পুরো মৌসুমজুড়েই নিয়মিত মূল দলের অনুশীলনে রাখা হবে। গতি, ড্রিবলিং দক্ষতা এবং আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্যের কারণে ভবিষ্যতে ফ্লিকের মূল দলে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন বলে মনে করছে ক্লাবটি।

ইংল্যান্ড সফর শেষে বর্তমানে দুই দিনের বিরতিতে রয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার থেকে নতুন মৌসুমের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে আবারও অনুশীলনে যোগ দেবেন বেলজিয়ান এই তরুণ উইঙ্গার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights