পাঁচ মামলায় গ্রেফতার সাবেক এমপি নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার নগরের চার থানার পাঁচটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এর আগে, সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পৃথক চারটি আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, নদভীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে। প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মো. আবু বকর সিদ্দিকের আদালতে ডবলমুরিং থানার একটি, চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে চান্দগাঁও থানার দুইটি এবং ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে কোতোয়ালী থানার একটি মামলার শুনানি হয়েছে। এর আগে, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থানার মোট পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়। পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights