পাওনা টাকার বিরোধে নির্মাণ শ্রমিককে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রুবেল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আক্কাছ আলী আকাশ নামে আরেক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নিহত রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত আক্কাছ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের শাহাদাতের ছেলে।
পুলিশ ও মামলার এজাহারে বলা হয়েছে, কাজের সূত্রে রুবেল ও আকাশসহ আরও কয়েকজন শ্রমিক নবীপুর পূর্ব ইউনিয়ন গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে রুবেলের সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্ত আকাশ লোহা দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। ঘটনার সময় সহকর্মী কামাল মিয়া বাইরে থেকে ঘরে ঢোকার পথে আকাশকে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।
এ ঘটনায় গতকাল রাতে রুবেলের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন, রুবেল আমার একমাত্র সন্তান। কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাই। দুই মাস আগে সংসারের স্বচ্ছলতার আশায় ছেলেকে কাজের জন্য মুরাদনগরে পাঠিয়েছিলাম। এখন সে লাশ হয়ে ফিরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় গুঞ্জুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা নিয়ে বিরোধের কথা স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
