পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীরা। বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই ঘাতক সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার গং আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

জানা গেছে, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়ীতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী সনেট হালদার গং তাদের বাড়ীর ভিতরেই ব্যবসায়ী টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে বেদম মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়ীতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতকরা পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights