পাকিস্তানকে ২০৫ রানের টার্গেট দিল টাইগাররা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানকে ২০৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিবের বিদায়ের পর মেহেদী মিরাজও ফেরেন ব্যক্তিগত ২৫ রানে। এরপর ৪৫ ওভারেই গুটিয়ে যায় টাইগার ব্যাটাররা।

হারিস রউফের দ্বিতীয় শিকার হয়ে ভুল শট খেলে সাজঘরে ফিরেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৬৪ বলে ৪৩ রান করেছিলেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগার শিবিরের একপ্রান্তে আগলে ছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক।
হারিসের শর্ট বলে তুলে মারতে গিয়েছিলেন সাকিব। তবে শেষরক্ষা হয়নি। মিডউইকেটেই ক্যাচ তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজের সঙ্গে সাকিবের জুটিতে ৪৮ বলে এসেছিল ৪৫ রান।

এদিকে ওপেনার লিটন ‍কুমার দাসের সাথে ৭৯ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক চাপ থেকে মুক্ত করেছিলেন পাঁচে নামা মাহমুদ উল্লাহ রিয়াদ। এরপর ৭০ বলে ৫৬ রান করে ফেরেন তিনি।

রিয়াদের পর মাঠে নেমে খুব একটা থিতু হতে পারেননি তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। ৩ বলে ৭ রান করে উসমান মিরের শিকার হয়ে হৃদয় সাজঘরের পথ ধরেছেন। ফলে খোয়া যায় টাইগারদের ছয় উইকেট। মাঝপথে ফের চাপে পড়ে টাইগাররা।

ব্যাট করতে নেমে শুরুতেই তরুণ ওপেনার তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির ৪ বল খেলে ০ রানেই আউট হন তানজিদ। এরপর শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ৩ বল খেলে ৪ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। লিটন একপ্রান্ত আগলে রাখলেও বাজে শট খেলে ইফতেখার আহমেদের শিকার হয়ে টাইগারদের চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তিনি ৬৪ বলে ৪৫ রান করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights