পাকিস্তানি গণমাধ্যমের ভুয়া খবরের শিকার, মুখ খুললেন ইরফান পাঠান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত একটি ভুয়া খবরের কারণে নিজেকে ট্রলের শিকার হতে হয়েছিল বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তার দাবি, পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম তাকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন—এমন একটি খবর প্রকাশ করা হয়েছিল। তবে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ছিল বলে জানিয়েছেন তিনি।

ভারতের গণমাধ্যম জিওহটস্টারের ‘চিকি সিঙ্গেলস’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ইরফান পাঠান। গত বুধবারের ওই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পুজারা। পাঠান জানান, তাকে নিয়ে ছড়ানো ওই খবরে দাবি করা হয়েছিল, তিনি বাবর আজমের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। কিন্তু ভারতকে নিয়ে তার কথিত ট্রলের কারণে বাবর সাক্ষাৎকার দিতে রাজি হননি। ইরফানের ভাষ্য, এমন কোনো ঘটনাই ঘটেনি।

তিনি বলেন, ট্রলিং ও ভুয়া খবর প্রতিনিয়তই ছড়ানো হয়। একবার প্রতিবেশী দেশের একটি গণমাধ্যমে এমন একটি খবর প্রকাশিত হয় যে, তিনি বাবর আজমের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এবং বাবর তাকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান। খবরটিতে বাবরের নামে এমন বক্তব্যও দেওয়া হয়েছিল যে, ইরফান পাকিস্তানকে ট্রল করেন বলেই তিনি সাক্ষাৎকার দেবেন না।

ইরফানের দাবি, ওই খবরের সঙ্গে ব্যবহৃত ছবিটিও কারসাজি করা হয়েছিল। মূল ছবিতে ছিলেন এক তরুণ বাংলাদেশি সাংবাদিক, যিনি জীবনে প্রথমবারের মতো মাঠে গিয়েছিলেন। বাবর আজম তার সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানানোর সেই ছবিতে পরে ইরফানের মুখ বসিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

পাঠান বলেন, ছবিটি ব্যবহার করে তৈরি করা সেই ভুয়া খবরটি এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছিল এবং অনেকে সেটিকে সত্য বলেও বিশ্বাস করেছিলেন।

তবে এসব ঘটনায় তিনি সাধারণত কোনো প্রতিক্রিয়া জানান না বলেও উল্লেখ করেন ইরফান। তার মতে, প্রতিদিনই কোনো না কোনো খেলোয়াড় বা ব্যক্তিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। প্রত্যেকটি বক্তব্য বা ভুয়া খবরের জবাব দিতে গেলে স্বাভাবিক জীবনযাপন করাই কঠিন হয়ে পড়বে।

ইরফান পাঠান ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তার খেলোয়াড়ি জীবনে ১৪১ ইনিংসে ২৬.১২ গড়ে ২ হাজার ৮২১ রান রয়েছে। এর মধ্যে একটি শতক ও ১১টি অর্ধশতক রয়েছে। বল হাতে ২৯.৮৫ গড়ে তার শিকার ৩০১ উইকেট।

ইনজুরির কারণে ভারতের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে বিবেচিত ইরফান পাঠানের ক্রিকেট ক্যারিয়ার প্রত্যাশিত পূর্ণতা পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights