পাকিস্তানের এক হাসপাতালে ৩ বছর বয়সীসহ ৮০ শিশু এইচআইভিতে আক্রান্ত!

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচির কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভয়াবহ বিপদে পড়েছে শিশুরা। স্টাফদের চরম অবহেলা এবং ব্যবহৃত সিরিঞ্জ বারবার ব্যবহারের কারণে হাসপাতালটিতে চিকিৎসা নেওয়া ৮০ জন শিশুর শরীরে মরণব্যাধি এইচআইভি শনাক্ত হয়েছে।

শনিবার নতুন করে আরও দুই শিশুর শরীরে এই ভাইরাস ধরা পড়ে। এর মধ্যে মেট্রোভিল এলাকার তিন বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে। শিশুটির বাবা জানান, বুকে সংক্রমণের কারণে মেয়েকে ওই হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু এরপর তার শরীর আরও খারাপ হতে থাকে। পরে ডাক্তারদের পরামর্শে পরীক্ষা করালে এইচআইভি ধরা পড়ে।

এর আগে সিন্ধুর শ্রমমন্ত্রী সাঈদ গনি নিশ্চিত করেন, হাসপাতালটিতে ৭৮ জন শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে। তিনি ঘটনার কঠোর তদন্ত ও দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। স্টাফদের অবহেলায় ২০০ শিশু আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে একটি মামলা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৫ সালে ‘ব্যবহৃত সিরিঞ্জ’ পুনরায় ব্যবহারের কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। আদালত এই ঘটনার ব্যাখ্যা দিতে সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছেন।

এদিকে, আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সার্বিক সাহায্যের জন্য কর্তৃপক্ষ ২০০ কোটি রুপি বরাদ্দ করেছে। সূত্র : জিও টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights