পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষ : নিহত অন্তত ৯

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল-জাজিরা ও জিও নিউজের। দেশটির উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, করাচির এমটি খান রোডে কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা চত্বরে প্রবেশের চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ শুরু করলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য ব্যাপক টিয়ারশেল ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহত পাঁচজনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও রেঞ্জার্সসহ আইনশৃঙ্খলা বাহিনী সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

বিক্ষোভের কারণে করাচির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুলতানাবাদ থেকে মাই কোলাচি অভিমুখে যাওয়ার রাস্তাটি বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। করাচি ট্রাফিক পুলিশ জানায়, জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহনগুলোকে আইআই চুন্দ্রিগড় রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রুটগুলোতে ইউ-টার্ন ও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন করাচির অতিরিক্ত আইজি-র কাছে তলব করেছেন। তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং পুরো প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সোর্স: আল-জাজিরা ও জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights