পাকিস্তানের কাশ্মীরে হঠাৎ বন্যা, ভারতের বিরুদ্ধে পানি ছাড়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ঝিলাম নদীতে পানির প্রবাহ হঠাৎ বেড়ে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে। এতে করে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পায় এবং বন্যা দেখা দেয়।

স্থানীয় প্রশাসনের মুখপাত্র জানান, নদীতে ভারতের অতিরিক্ত পানি ছাড়ার ফলে বর্তমানে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানায়, ভারত পূর্ব অবহিত না করেই পানি ছেড়েছে, যার ফলে সীমান্তের নদী পাড়বর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্যার বিষয়ে স্থানীয়দের সতর্ক করতে মসজিদ থেকে মাইকিং করতে দেখা গেছে।

ঝিলাম নদীটি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ থেকে শুরু হয়ে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করে। নদীটি সিন্ধু নদের একটি প্রধান উপনদী, যা দুই দেশের মাঝে দীর্ঘদিনের চুক্তির আওতাভুক্ত।

পেহেলগামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে দেয়। এর জেরে পানি ইস্যুতে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

সূত্র: আলজাজিরা, দুনিয়া নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights