পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এতে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে লাল-সবুজের মেয়েরা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

২০ রানের এই জয়ে ২-০ তে এগিয়ে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলো জ্যোতির দল।
এদিন আগে ব্যাট করে টাইগ্রেসরা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১২০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস থেমেছে বরাবর ১০০ রানে। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বিসমাহ মারুফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও রাবেয়া খান।

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। দলীয় মাত্র ৩ রানেই ওপেনার নাতালিয়া পারভেজকে বোল্ড করে দেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

এরপর ব্যক্তিগত ৯ রানে ওপেনারি সিদরা আমিন ক্যাচ দিয়ে ফেরেন রাবেয়া খানের ঘূর্ণিতে। পরে মুনিবা আলী ও অধিনায়ক নিদা দারও অল্প সময়ের ব্যবধানেই ফিরে যান।

নিদাকে বোল্ড করেন রাবেয়া এবং মুনিবা পড়েছেন সোবহানা মোস্তারীর রান আউটের ফাঁদে। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন পাকিস্তানের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার বিসমাহ।

কিন্তু সতীর্থদের যাওয়া-আসা দেখে টিকতে পারেননি তিনিও। ফাহিমা খাতুনের বলে বিসমাহ ৩০ রানে উইকেটরক্ষক জ্যোতির হাতে ক্যাচ দিয়ে বসেন। শেষদিকে ইরাম জাভেদ ও উম্মে হানি কিছুক্ষণ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি সফরকারীরা। ইরাম ১৫ এবং উম্মে হানি করেছেন ১৪ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। এছাড়া মারুফা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights