পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হবে

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করে জয় পেয়েছে ভারত। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর সেমির পথ অনেকটা সহজ হয়ে গেছে তাদের জন্য। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হবে। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের।

ভারতের একাদশ নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, “উইনিং কম্বিনেশন ভাঙা উচিত হবে না।” অর্থাৎ, বাংলাদেশকে যে একাদশ নিয়ে হারিয়েছে ভারত, সেই একই দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামানো উচিত।

তিনি বলেন, “দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা দেখছি না। তিনজন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে খুব ভালো নয়। হার্দিক পান্ডিয়া থাকবেন তৃতীয় পেসার হিসেবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।”

শুবমান গিলের সেঞ্চুরি নিয়ে সৌরভ বলেন, “শুবমান গিল ভালো খেলেছে। তবে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছয় নম্বর পর্যন্ত সকলেই ভালো। সবাই সেঞ্চুরি করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর পটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। তারপর লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজা রয়েছেন। দলটার ব্যাটিং গভীরতা দারুণ।”

তিনি আরও বলেন, “শামি ভালো বল করেছে। চোট থেকে ফেরার পর পাঁচ উইকেট পেয়েছে। এই প্রতিযোগিতায় জাসপ্রীত বুমরাহ নেই। দুইদিক থেকে দুইজনকে পাওয়া গেলে ভালো হত। তবে হার্ষিত রানা ভালো বল করছে। শামিকে এভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।”

গত ম্যাচের ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights